সিনেমার পর্দা হোক কিংবা বাস্তব জীবন—থালাইভা রজনীকান্তের স্টাইল আর ক্যারিশমা সব সময়ই ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি গ্রিসে অনুষ্ঠিত ভাতিজা তথা জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের বিবাহোৎসবে নিজের উদ্দাম নাচে চারপাশ মাতিয়ে তুলেছেন এই দক্ষিণী সুপারস্টার। ৭৫ বছর বয়সেও তাঁর এমন প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে।
গত ১১ নভেম্বর গ্রিসে সান গ্রুপের উত্তরাধিকারী কাব্য মারানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ। ১০ নভেম্বর ঐতিহ্যবাহী তামিল বাগদান পর্ব ‘নিশ্চয়তার্থম’ দিয়ে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন রজনীকান্ত ও তাঁর স্ত্রী লতা রজনীকান্ত।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, নবদম্পতি অনিরুদ্ধ ও কাব্যের পাশে দাঁড়িয়ে কোমর দুলিয়েছেন রজনীকান্ত। মজার বিষয় হলো, তিনি নাচেন তাঁরই অভিনীত ২০২৪ সালের ব্লকবাস্টার সিনেমা ‘ভেত্তাইয়ান’-এর জনপ্রিয় গান ‘মানাসিলায়ো’-এর তালে, যার সুরকার স্বয়ং বর অনিরুদ্ধ নিজেই! অর্থাৎ, বরের নিজের সুর করা গানেই বিয়ের আসরে নেচে ওঠেন রজনীকান্ত।
ঘরোয়া আয়োজনে বিয়েটি সম্পন্ন হলেও এতে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মতো বিশিষ্ট অতিথিরা। বিয়ের পর সামাজিক মাধ্যমে প্রথম ছবি শেয়ার করে অনিরুদ্ধ ক্যাপশনে লিখেছেন, “আমার জীবনে একবারই আসা, সারা জীবনের জন্য ১১.১১।”
পারিবারিক সূত্রে রজনীকান্তের শ্যালক রবি রাঘবেন্দ্রের ছেলে হলেন অনিরুদ্ধ। সম্পর্কে ভাতিজা হলেও দুজনের মধ্যকার গভীর বন্ধুত্বের কারণে এই পারিবারিক আয়োজনটি রূপ নেয় এক অবিস্মরণীয় উৎসবে।

Leave a Reply