সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা চার টেস্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পাশাপাশি ব্যাটারদের ধারাবাহিক ছন্দহীনতা দলকে বেশ চিন্তায় ফেলেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের ক্ষত নিয়েই এবার কঠিন চ্যালেঞ্জের মুখে নাজমুল হোসেন শান্তর দল; প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তবে পেছনের হতাশা ঝেড়ে ফেলে প্রোটিয়াদের ডেরায় ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে দলের মানসিক অবস্থা ও প্রস্তুতি নিয়ে শান্ত জানান, অতীত নিয়ে পড়ে না থেকে সামনের দিকে তাকানোই এখন মূল লক্ষ্য। তিনি বলেন, ‘সবাই মানসিকভাবে বেশ চাঙা আছে। এটা ঠিক যে আমাদের সর্বশেষ দুই-তিনটি ম্যাচ ভালো যায়নি। তবে পেছনের ব্যর্থতা নিয়ে না ভেবে সামনে কীভাবে ভালো করা যায়, সেটিই আমাদের কাছে মুখ্য। আগের ভুলগুলো শুধরে নেওয়ার বিষয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। কন্ডিশন ভিন্ন হলেও আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারি, তবে ভালো লড়াই হবে।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন পেস সহায়ক হলেও বোলিং আক্রমণের ওপর পূর্ণ আস্থা রাখছেন শান্ত। তিনি মনে করেন, পেসারদের পাশাপাশি অভিজ্ঞ স্পিনাররাও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শান্তর ভাষায়, ‘উইকেট ও কন্ডিশন এখনো কাছ থেকে দেখা হয়নি, তবে এখানকার উইকেট পেসারদের বাড়তি সুবিধা দেবে। তাই পেস বোলারদের কাঁধে দায়িত্বটা একটু বেশিই থাকবে। পাশাপাশি আমাদের স্পিনাররাও বেশ অভিজ্ঞ, তারা ঠিকমতো সঙ্গ দিলে দারুণ একটি ম্যাচ উপহার দেওয়া সম্ভব।’
প্রোটিয়াদের মাটিতে অতীতে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি এবারের টেস্ট সিরিজে বাড়তি প্রেরণা জোগাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলপতি। তিনি বলেন, ‘এই মাঠে আমাদের ওয়ানডে সিরিজ জয়ের দারুণ রেকর্ড রয়েছে, যা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। আমাদের সামনে প্রমাণ আছে যে, এখানে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা সম্ভব। তবে দিনশেষে মাঠে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে।’
বোলিং বিভাগের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত পুরো সিরিজ জুড়েই ভালো কিছুর আশা করছেন। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘দলের ওপর আমার অগাধ বিশ্বাস রয়েছে, আর বিশ্বাস না থাকলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। পুরো দলই বিশ্বাস করে আমরা এখানে ভালো খেলব। আমাদের বোলাররা ছন্দে আছে। দু-একটি ইনিংস বা সিরিজ দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না। আশা করি এই সিরিজে নতুন বল কিংবা মিডল ওভার—সব জায়গাতেই বোলাররা দারুণ কিছু করবে, ইনশাআল্লাহ।’

Leave a Reply