কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মোজাম্মেল হক ভূঁইয়া নামে এক যুবদল নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলুর নির্দেশক্রমে সদস্য এনামুল হক মজুমদার বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন। এতে স্পষ্টভাবে জানানো হয়, বহিষ্কৃত নেতার কোনো ব্যক্তিগত অপরাধের দায়ভার দল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকার একটি মৎস্য খামার থেকে মোজাম্মেল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Leave a Reply