এক সপ্তাহের সফরে লন্ডনে নাহিদ ইসলাম, থাকছে নানা কর্মসূচি

লন্ডন (যুক্তরাজ্য): এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম (এমপি)। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে তিনি লন্ডন বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। এই সফরে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। লন্ডনে পৌঁছালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

ব্রিটিশ পার্লামেন্ট ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক: সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য: সফরের অংশ হিসেবে তিনি ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

নাগরিক সংবর্ধনা: আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

সফর শেষে আগামী ২১ নভেম্বর এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *