খাগড়াছড়ির রামগড় সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার ফেনী নদী থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) সাবেক সদস্য ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন অংথেপ্রু মারমা। রাতেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি স্থানীয় বিওপি বিজিবিকে জানানো হয়।
পরদিন শনিবার ভোরে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা আবারও খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে তার ঘাসের বস্তা এবং পরবর্তীতে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। নিহতের কপাল ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তার ছেলে থৈ অংগ্য মারমা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহতের কপাল ও নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply