চট্টগ্রামে ফুটব্রিজ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মীর হেলাল : সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় বিরোধী দলকে সহযাত্রী হওয়ার আহ্বান

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে ইতোমধ্যে দৃশ্যমান অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি জানান, দেশের ইতিবাচক ধারার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের হারও উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের লালখান বাজারে ‘শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের আওতায় নির্মিত নবনির্মিত ফুটব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের এই উন্নয়ন ধারায় শামিল হতে বিরোধী দলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনারা সেই যাত্রায় আমাদের সহযাত্রী হন। দেশের স্বার্থে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার জন্য আমরা সানন্দে সুযোগ করে দেব।”

তবে রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মীর হেলাল। তিনি বলেন, “যদি কেউ দেশ বা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন, তবে জেনে রাখবেন—সেই বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রশাসনের প্রয়োজন হবে না, আমার দলের নেতাকর্মীরাই তাদের দমনের জন্য যথেষ্ট।”

অনুষ্ঠানে তিনি আরও যোগ করেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি পুনরায় মাঠে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক কর্মীদের রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখিয়ে ভয় দেখানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *