নওগাঁর আত্রাইয়ে ব্লাস্ট রোগের হানায় দুশ্চিন্তায় কৃষক, কৃষি অফিসের দাবি ‘ক্ষতির মাত্রা সীমিত

নওগাঁর আত্রাই উপজেলায় আকস্মিকভাবে ধানে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠের শত শত বিঘা জমির ধান এই ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অনেক জমির ধানের শিষ শুকিয়ে চিটা হয়ে যাওয়ায় কৃষকদের চোখের সামনেই নষ্ট হচ্ছে তাঁদের বহু কষ্টের সোনালী ফসল। তবে মাঠপর্যায়ের এই চিত্রের সঙ্গে সরকারি হিসাবের বড় ধরনের ফারাক রয়েছে। উপজেলা কৃষি অফিসের দাবি, এখন পর্যন্ত ব্লাস্ট রোগে আক্রান্ত জমির পরিমাণ মাত্র চার বিঘা। কৃষকদের দাবি ও কৃষি বিভাগের এই পরিসংখ্যান নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে আত্রাই উপজেলায় মোট ৮ হাজার ২৮০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে শুধু সুগন্ধি চিনিআতব ধানের আবাদ হয়েছে ১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। তবে কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ব্লাস্ট রোগে আক্রান্ত জমির পরিমাণ মাত্র ৪ বিঘা। বিপরীতে কৃষকদের দাবি, বাস্তবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে বহুগুণ বেশি।

উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বাবু এবার ১৩ বিঘা জমিতে চিনিআতব ধান চাষ করেছেন। ফসলের বর্তমান অবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি জানান, ধান চাষে এ পর্যন্ত তাঁর প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলে প্রায় ৪ লাখ টাকার ধান বিক্রি করা সম্ভব হতো। কিন্তু গত ৬ নভেম্বর হঠাৎ ব্লাস্ট রোগের আক্রমণে তাঁর জমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

একই এলাকার কৃষক মোহাম্মদ মোজাম্মেল মোল্লা জানান, তিনি ১৮ বিঘা জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘা জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। সময়মতো প্রাথমিক ব্যবস্থা নেওয়ায় ক্ষতির মাত্রা কিছুটা কমানো সম্ভব হলেও তাঁর প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়ে গেছে। একই গ্রামের আরেক কৃষক রুবেল হোসেন ২৫ কাঠা জমিতে চিনিআতব ধান চাষ করেছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, হঠাৎ এই রোগের আক্রমণে ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন ওই জমি থেকে এক থেকে দুই মণের বেশি ধান পাওয়া যাবে কি না সন্দেহ। এতে তাঁর প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এদিকে মনিয়ারি ইউনিয়নের মনিয়ারি গ্রামের কৃষক ফারুক জানান, তাঁদের মাঠের ধান যখন পাকার চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয়। এতে তাঁর প্রায় এক বিঘা জমির সম্পূর্ণ ফসল নষ্ট হয়েছে। এছাড়া উপজেলার নওদুলী দীঘিরপাড় মাঠের অধিকাংশ জমিতেও ব্লাস্ট রোগের লক্ষণ ছড়িয়ে পড়েছে। কৃষকরা সাধ্যমতো বিভিন্ন বালাইনাশক স্প্রে করেও রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। চোখের পলকে এক সপ্তাহের মধ্যে মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই এলাকার কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকার ধানগাছের পাতা ও শিষে ব্লাস্টের মারাত্মক লক্ষণ দেখা দিলেও মাঠপর্যায়ে প্রকৃত চিত্র সঠিকভাবে নিরূপণ করা হচ্ছে না। নিয়মিত তদারকি ও কার্যকর উদ্যোগের অভাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কৃষি অফিসের প্রাথমিক তথ্যে উঠে আসছে না। এই পরিস্থিতিতে দ্রুত সরেজমিন ক্ষতিগ্রস্ত মাঠগুলো পরিদর্শন করে সঠিক রোগ নির্ণয় এবং কৃষকদের জন্য কার্যকর সুনির্দিষ্ট পরামর্শ ও সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, ‘হঠাৎ আবহাওয়ার পরিবর্তন—বিশেষ করে রাতে কিছুটা ঠান্ডা এবং দিনে অতিরিক্ত গরম অনুভূত হওয়ার কারণে ধানে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এতে আশঙ্কাজনক হারে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অল্প সময়ের মধ্যেই রোগটি নিয়ন্ত্রণে আনতে আমাদের মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *