ফ্লাইট বিপর্যয়ের পর বিমান নিয়ন্ত্রণব্যবস্থা সংস্কারে ৫০ বিলিয়ন ডলার চাইল ট্রাম্প প্রশাসন

পুরোনো প্রযুক্তির কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল স্থবির হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ঢেলে সাজাতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চেয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এর আগে ট্রাম্প প্রশাসন বিমানবন্দর ও নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়নে ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিল। তবে শুক্রবার রাডার ও যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ রাখতে বাধ্য হলে হাজার হাজার ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়। এ ঘটনার পরই তহবিলের চাহিদা বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলার করার ঘোষণা দেন ডাফি।

সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী বলেন, কয়েক দশক আগের সুইচ ও রাউটারের ওপর নির্ভরশীল বর্তমান ব্যবস্থাটি অতিরিক্ত তথ্যের চাপে অকার্যকর হয়ে পড়ছে। এটিকে একটি ‘জরুরি পরিস্থিতি’ উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, দ্রুত আধুনিকায়ন না করলে ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘটতে পারে।

কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডাফি। এ খাতের সংস্কারকে কোনো দলীয় বিষয় না দেখে ‘জাতীয় স্বার্থ’ হিসেবে বিবেচনা করে দ্রুত অর্থ ছাড়ের জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *