দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ এবং পোশাক শ্রমিকদের অর্থ প্রদানের নেপথ্যে কারা জড়িত, তা দেশের মানুষের কাছে স্পষ্ট।
শনিবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, দলটি আবারও দেশে ফেরার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে বিএনপি নিজেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। জনগণই বিএনপির মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, তারা দেশে পুনরায় স্বৈরাচার বা আওয়ামী লীগের শাসন চান কি না—জবাবে সমবেত জনতা ‘না’ বলে মত দেন।
আইনি প্রক্রিয়া ও বিচার প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেকোনো ব্যক্তির প্রচলিত আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে এবং চূড়ান্ত রায় হলেই তা কার্যকর হবে। পাশাপাশি ক্ষমতাচ্যুতদের বিচার ও ক্ষমা করার বিষয়টি সম্পূর্ণভাবে দেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও তিনি মন্তব্য করেন। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পাশে জনগণই থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply