পোশাকের গণ্ডি পেরিয়ে বহুমুখী রফতানি গন্তব্য হতে হবে: বাণিজ্যমন্ত্রী

কেবল তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল না থেকে বাংলাদেশকে একটি বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, পোশাকশিল্প বিশ্ববাজারে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি করলেও ভবিষ্যৎ রফতানি প্রবৃদ্ধির জন্য পণ্যের বৈচিত্র্যকরণ, উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। নতুন সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো আয়োজিত এই এক্সপোতে ১২টি সম্ভাবনাময় খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতবারের তুলনায় এবার দেশি-বিদেশি ক্রেতা ও স্টলের সংখ্যা বেড়েছে, যা বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। এছাড়া বিটুবি (B2B) সভা ও কারখানা পরিদর্শনের মাধ্যমে বিদেশি ক্রেতাদের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণিজ্য সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *