অবৈধ অভিবাসন ও মানবপাচার পুরোপুরি বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ইউরোপের শ্রমবাজারে ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বন্ধ করে বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে ইইউর স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বে আসা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকের প্রধান আলোচনার বিষয়সমূহ:
অবৈধ অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ইইউ কমিশনারও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, অবৈধ অভিবাসন কমলে ইউরোপে বাংলাদেশি কর্মীদের প্রবেশ আরও সহজ হবে।
বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সনদ প্রদানের জন্য ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ইউরোপীয় প্রশিক্ষণ বিশেষজ্ঞরা যাতে বাংলাদেশে এসে সরাসরি প্রশিক্ষণ ও সনদ দিতে পারেন, সে বিষয়ে ইইউর সহযোগিতা চেয়েছে সরকার। প্রতিনিধিদল এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।
দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরে যাত্রী চলাচল পর্যবেক্ষণ এবং অপরাধী শনাক্তকরণে চলতি বছরের শেষ নাগাদ ‘অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করা হবে, যা ইন্টারপোলের ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। এছাড়া ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি (ফ্রন্টেক্স)-এর সঙ্গে প্রাতিষ্ঠানিক সমঝোতার বিষয়েও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এ বিষয়ে ইইউ যৌথ কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ইইউর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply