ফেসবুকের কনটেন্ট পরিমাপের নিয়মে আসছে বড় ধরনের পরিবর্তন। জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি তাদের প্রথাগত ‘রিচ’ (Reach) পদ্ধতি তুলে দিয়ে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ (Viewers) নামের নতুন মেট্রিক বা সূচক চালু করতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই পরিবর্তনের ফলে কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নে নতুন মাত্রা যোগ হবে।
এতদিন কোনো কনটেন্ট নির্দিষ্ট সময়ে কতগুলো আলাদা অ্যাকাউন্টের সামনে বা ফিডে আসছে, তার হিসাব রাখত ‘রিচ’ মেট্রিক। আগামী ৩১ অক্টোবর থেকে এই সুবিধাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
প্রথাগত এই পদ্ধতির বদলে এখন থেকে কনটেন্টের আসল দর্শক সংখ্যা বা উপস্থিতি নির্ধারণে ‘ভিউয়ারস’কে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হবে। ছবি, ভিডিও এবং রিলস—সব ধরনের কনটেন্টের মান যাচাইয়ে ব্যবহারকারীরা এটি কাজে লাগাতে পারবেন।
এই পরিবর্তনে সরাসরি প্রভাব পড়বে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যম, বাণিজ্যিক ফেসবুক পেজ, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের ওপর। পেজ ব্যবস্থাপনা ও প্রচারণার কৌশল নতুন এই নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে।
পুরনো রিপোর্টের সঙ্গে নতুন পরিসংখ্যানের সরাসরি তুলনা করা কিছুটা জটিল হতে পারে। তাই ফেসবুক পেজ পরিচালকদের জন্য পুরনো প্রতিবেদন সংরক্ষণ করা এবং নতুন হিসাবপদ্ধতি ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

Leave a Reply