জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে দৌড়ে নামলেন আমিরাতের লানা নুসেইবেহ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের জন্য লড়াই আরও জমে উঠেছে। বিশ্ব সংস্থার পরবর্তী প্রধান হতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে দেশটির বিশেষ দূত লানা নুসেইবেহ। আমিরাত সরকার তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার পর তিনি নিজেই নিজের প্রার্থিতার বিষয়টি ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রার্থিতা ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে লানা নুসেইবেহ জানান, তার কর্মজীবনের দীর্ঘ একটি সময় কেটেছে জাতিসংঘের সঙ্গে কাজ করে। তিনি নিজ চোখে দেখেছেন সংকল্পবদ্ধ কূটনীতি কীভাবে বড় বড় সাফল্য বয়ে আনতে পারে। তবে একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তার চড়া মূল্য কতখানি হতে পারে, সে সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। নুসেইবেহের মতে, প্রতিশ্রুতি ও বাস্তব কাজের মধ্যে ব্যবধান বাড়লে মানুষের আস্থা যেমন কমে যায়, তেমনি কাজ করার সক্ষমতাও হ্রাস পায়।

আনাদোলুর প্রতিবেদনে আরও জানানো হয়, জাতিসংঘের শীর্ষ এই পদের নির্বাচনী প্রচারণায় মনোযোগ দিতে বর্তমানে আমিরাত সরকারের নিয়মিত দায়িত্ব থেকে ছুটিতে রয়েছেন তিনি।

উল্লেখ্য, বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর দ্বিতীয় মেয়াদের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩১ ডিসেম্বর। তার উত্তরসূরি কে হচ্ছেন—তা নিয়ে প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরে। তবে গত ১৬ অক্টোবর নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হয় ষষ্ঠ দফার ভোটাভুটি। এখন পর্যন্ত জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে গ্রহণযোগ্য কোনো একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি নিরাপত্তা পরিষদ।

এমন একটি সময়ে লানা নুসেইবেহের মতো অভিজ্ঞ এক কূটনীতিকের প্রার্থিতা ঘোষণা এই প্রতিযোগিতায় নতুন এক মাত্রা যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *