ভারতের আসাম রাজ্যে সংরক্ষিত বনাঞ্চল উদ্ধারের নামে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গত ১৭ ও ১৮ অক্টোবর নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় চালানো এই অভিযানে মোট ৫৪৭টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে শুধু ১৭ তারিখেই তিন জেলায় উচ্ছেদ করা হয় ৫৪৭টি পরিবারকে—যার মধ্যে নগাঁওতে ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার রয়েছে। উচ্ছেদ হওয়া এসব মানুষের বেশির ভাগই বাংলাভাষী মুসলিম।
প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনভূমি দখল করে বসবাস করছিল। তবে উল্টো চিত্র তুলে ধরেছেন ক্ষতিগ্রস্তরা। লুতুমারি এলাকার ৪৪ বছর বয়সী বাসিন্দা আবদুন নূরের ভাষ্যমতে, তাঁরা জোর করে জমি দখল করেননি; বরং ১৯৭৪ সালে সরকারই তাঁদের সেখানে পুনর্বাসিত করেছিল। তিনি জানান, ভূমিহীন পূর্বপুরুষদের জন্য সরকার প্রতি পরিবারকে চার বিঘা করে জমি বরাদ্দ দিয়েছিল। আদালতের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া উচ্ছেদ অভিযানে ৫০ বছরের পুরোনো মসজিদসহ ১০টির বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান নূর।
ক্ষতিগ্রস্তদের দাবি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে এনে গত জুনে ‘অল ইন্ডিয়া ইউনিয়ন অব ফরেস্ট ওয়ার্কিং পিপলস’ আসাম সরকারকে এই উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছিল। সংগঠনটির যুক্তি অনুযায়ী, লুতুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলের কন্দর্প লংজাপ, পদুমনি, হাতিজুর এবং ৯ নম্বর খেরোনি—এই চার গ্রামের বাসিন্দারা সাধারণ দখলদার নন। ব্রিটিশ আমলে চালু হওয়া ‘টংগিয়া’ বন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় তাঁদের সেখানে বসতি গড়ে দেওয়া হয়েছিল। উনিশ শতকের মাঝামাঝি সময়ে চালু হওয়া এই পদ্ধতিতে বনকর্মীরা বন বিভাগের কাজের পাশাপাশি গাছের সঙ্গে খাদ্যশস্য চাষ করার সুযোগ পেতেন।
‘দ্য স্ক্রল’-এর তথ্যানুযায়ী, আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গত এক দশকের শাসনামলে সরকারি ও বনভূমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। রাজ্য সরকারের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব প্রস্তুত করা হয়েছে, যেখানে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর বড় একটি অংশই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত।

Leave a Reply