রাজধানীর উত্তরার আলোচিত কিশোর গ্যাং ‘দে লাড়া’-এর মূলহোতা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে অন্তত সাতটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি দল বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ সানিকে ধরে ফেলতে সক্ষম হলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত সানি ঢাকা মহানগর উত্তর শাখা উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় লাঠিসোঁটা হাতে তার সরাসরি অংশগ্রহণের অভিযোগ রয়েছে। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে র্যাব-১ গ্রেপ্তার করেছিল।
অনুসন্ধানে জানা যায়, কিশোর গ্যাং নেটওয়ার্কের আড়ালে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সানি ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর পিএস নূর মোহাম্মদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। উত্তরা ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গী এলাকায় তার অপরাধী চক্রের সক্রিয় তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেললাইন সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচায় এই গ্রুপের জড়িত থাকার তথ্য রয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট চার সহযোগীসহ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়িসহ তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, কিশোর গ্যাংয়ের মূলহোতা সানিকে রাতে বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উত্তরায় অপরাধ ও কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply