বিএনপির মধ্যেও বট ও গুপ্ত লুকিয়ে আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপি দলেও কিছু ‘বট ও গুপ্ত’ সক্রিয় রয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের সন্তানদের নামে একটি ইউনিয়নের নামকরণের সমালোচনার জবাব দিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, এর সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। স্থানীয় এলাকাবাসীই শখ করে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে এলাকাটির নামকরণ করেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি তাঁকে জানানোর পর এবং নাম পরিবর্তনের নির্দেশনা দেওয়ার সাথে সাথেই তা পরিবর্তন করে বর্তমান জগন্নাথপুর রাখা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে বগুড়ার ‘জহরুল নগর’সহ দেশের বিভিন্ন এলাকার নামকরণ অনেক বিশিষ্ট ব্যক্তির নামে হয়েছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তুচ্ছ বিষয় নিয়ে বিএনপিকে আক্রমণ ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। সীমান্তে বিএসএফ ও বিজিবির সংঘাতের সঙ্গেও তাঁর সন্তানের নাম জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান তিনি।

বগুড়ার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মীর শাহে আলম বলেন, এ অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গত ২০ বছরের পুঞ্জীভূত উন্নয়ন ঘাটতি কাটিয়ে উঠতে তাঁরা কাজ করছেন। এজন্য বগুড়ার ছয়টি আসনের সংসদ সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *