“সকালে ফিরে আসব মা”—বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে শেষ কথাগুলো এভাবেই বলেছিলেন ১৮ বছরের তরুণ মোহাম্মদ ইয়াছিন। কথা রেখে তিনি ঠিকই সকালে ফিরেছিলেন, কিন্তু জীবিত নয়, নিথর দেহে। যে পিকআপ কেনার জন্য মা-বাবার কাছে বায়না ধরেছিলেন, মাত্র ১৫ দিন আগে ৭ লাখ টাকায় কেনা সেই শখের পিকআপটিই আজ তাঁর শেষ যাত্রার বাহন হলো।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসের সঙ্গে ইয়াছিনের পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইয়াছিনসহ দুজন নিহত হন। অপর নিহত আবদুল্লাহর (২৭) বাড়ি টেকনাফের হ্নীলা এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আগে ইজিবাইক চালালেও নিজের একটি পিকআপ কেনার বড় স্বপ্ন ছিল তাঁর। ছেলের জেদের মুখে ১৫ দিন আগে ৭ লাখ টাকা খরচ করে তাঁকে একটি পিকআপ কিনে দিয়েছিলেন মা-বাবা। প্রথম ১০-১২ দিন চালক দিয়ে চালালেও গত বুধবার থেকে নিজেই পিকআপ নিয়ে সড়কে নামেন ইয়াছিন। সেদিন চট্টগ্রামে ভাড়া গিয়ে বৃহস্পতিবার চকরিয়ায় ফেরেন এবং রাতেই সবজি নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হন। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াল।
চার ভাইবোনের মধ্যে ইয়াছিন ছিলেন তৃতীয়। বড় ভাই মালয়েশিয়াপ্রবাসী এবং বাবা লামায় ব্যবসা করেন। পৈতৃক বাড়ি বান্দরবানের লামা হলেও পরিবারটি দীর্ঘ ২০ বছর ধরে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় নানাবাড়িতে বসবাস করে আসছে।
শুক্রবার বিকেলে শাহপুরা জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইয়াছিনের দাফন সম্পন্ন হয়। ছেলের মরদেহের পাশে মা শওকত আরা ও স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। একটি তরুণের অকালমৃত্যু আর একটি শখের গাড়ির স্বপ্ন কীভাবে নিমিষেই চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারে, ইয়াছিনের এই ট্র্যাজেডি যেন তারই এক করুণ দৃশ্য।

Leave a Reply