খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলার একটি রাস্তাঘাটও আর চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও সংস্কার করা হবে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়ায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সদরের গিলন্ড এলাকায় আরও দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
খাদ্যমন্ত্রী বলেন, “এখন আন্দোলন-সংগ্রামের সময় নয়, এখন দেশ গড়ার সময়। আমরা অনুন্নত রাস্তাঘাট সংস্কারের কাজে হাত দিয়েছি এবং পর্যায়ক্রমে প্রতিটি রাস্তা আধুনিকায়ন করা হবে।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার ও আজাদ হোসেন খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পাওয়ার গ্রীড লি.-এর নির্বাহী প্রকৌশলী গিয়াসউদ্দিন মাহমুদ, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ।
এলজিইডি মানিকগঞ্জের বাস্তবায়নে গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দইর বাজার ভায়া শাহসুফি বন্দে আলী মাজার শরীফ পর্যন্ত রাস্তাটির উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। ১ হাজার ৪৮০ মিটার দৈর্ঘ্য ও ৩.৫ মিটার প্রস্থের এই সড়কটির উন্নয়নকাজে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ২১৬ টাকা।

Leave a Reply