পারদ থেকে স্বর্ণ তৈরির চাঞ্চল্যকর দাবি মার্কিন স্টার্টআপের, বাস্তবে কি সম্ভব?

পারদ থেকে সোনা তৈরি করা সম্ভব—এমনই চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ ম্যারাথন ফিউশন। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, ফিউশন প্রক্রিয়ায় তৈরি উচ্চশক্তির নিউট্রন ব্যবহারের মাধ্যমে পারদকে স্বর্ণে রূপান্তর করা যায়। তবে এই প্রযুক্তি বিশ্ববাজারে স্বর্ণের বাজারে কোনো বড় প্রভাব ফেলবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজেদের এই অর্জনের কথা প্রকাশ করে ম্যারাথন ফিউশন। তাদের দাবি, তাদের এই প্রক্রিয়ায় সোনা উৎপাদনের হার ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা ‘সার্ন’ (CERN)-এর আগের যেকোনো রেকর্ডের তুলনায় ১০ গুণ বেশি।

বিজ্ঞানীরা এই পদ্ধতির নাম দিয়েছেন নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। এর মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াসে পরিবর্তন এনে এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তর করা হয়।

ম্যারাথন ফিউশনের পরিকল্পনা অনুযায়ী, ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের ফিউশন বিক্রিয়ায় যে উচ্চশক্তির নিউট্রন উৎপন্ন হয়, তা পারদের নির্দিষ্ট আইসোটোপে প্রয়োগ করা হবে। পরবর্তীতে তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে সেটি স্থিতিশীল স্বর্ণ-১৯৭ (Gold-197)-এ রূপ নেবে। তবে এই প্রক্রিয়ার বড় একটি চ্যালেঞ্জ হলো তেজস্ক্রিয় উপজাত তৈরি হওয়া, যা দূর করতে উৎপাদিত স্বর্ণ দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে।

এর আগেও পরীক্ষাগারে সোনা তৈরির চেষ্টা হয়েছে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে সিসার নিউক্লিয়াসের সংঘর্ষ ঘটিয়ে স্বর্ণের নিউক্লিয়াস তৈরি করা হয়েছিল। সে সময় প্রায় ৮৬ বিলিয়ন স্বর্ণের নিউক্লিয়াস তৈরি হলেও সেগুলোর মোট ভর ছিল মাত্র ২৯ পিকোগ্রাম। তাছাড়া উৎপন্ন সোনাগুলো দ্রুত ভেঙে যাওয়ার কারণে তা কোনো বাণিজ্যিক কাজে লাগেনি।

ম্যারাথন ফিউশন এবার ফিউশন নিউট্রন ব্যবহার করে তুলনামূলক বড় পরিসরে সোনা উৎপাদনের সম্ভাবনার কথা বলছে। তাদের এক গবেষণাপত্রে দাবি করা হয়েছে, বাণিজ্যিক পর্যায়ে প্রতি গিগাওয়াট তাপীয় ক্ষমতার স্থাপনা থেকে বছরে প্রায় দুই টন স্বর্ণ উৎপাদন করা সম্ভব।

তবে এই দাবির বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ, বর্তমানে ম্যারাথন ফিউশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তাদের পরীক্ষামূলক রিঅ্যাক্টরের ফিউশন ক্ষমতা মাত্র ১ কিলোওয়াট, অথচ বাণিজ্যিক হিসাবটি ধরা হয়েছে ১ গিগাওয়াট ক্ষমতার ওপর ভিত্তি করে। এছাড়া, তেজস্ক্রিয়তার ঝুঁকি এড়াতে উৎপাদিত সোনা বিক্রির উপযোগী করতে আনুমানিক ৭ থেকে ১৭ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হতে পারে।

প্রতিষ্ঠানটি ঠিক কী পরিমাণ সোনা তৈরি করেছে বা তাদের গবেষণার পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত এখনো প্রকাশ করেনি। ফলে এই প্রযুক্তির বাণিজ্যিক সাফল্য নিয়ে বিজ্ঞানী মহলে এখনো যথেষ্ট বিতর্ক ও অনিশ্চয়তা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *