সরকারের ব্যর্থতা ঢাকতে গোয়েন্দা তথ্যের আশ্রয় নেওয়া হচ্ছে: মৌলভীবাজারে জামায়াত আমির

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও অবৈধ অর্থ অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা দেশে ঢুকলে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।” আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে বর্তমান প্রশাসনের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ মন্ত্রণালয়ের কাজে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। তবে মাঠপর্যায়ে পুলিশের অনেক দেশপ্রেমিক ও দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে একটি দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাওয়ার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের ভালো উদ্যোগগুলোতে তাদের পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনো ভুল বা অনিয়ম দেখলে বিরোধী দল তার জোরালো সমালোচনা করবে এবং সরকারের কোনো অপকর্মের দায় তারা নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, দেশে বর্তমানে ব্যাপকহারে আত্মীয়করণ, দলীয়করণ ও গোষ্ঠীকরণ চলছে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা কোনো দলের হতে পারে না, তারা দিনশেষে দলকে ডুবিয়ে দেয়।”

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, শুধু গোয়েন্দা তথ্যের অজুহাতে দায়সারা বক্তব্য দেওয়া যায় না। প্রধানমন্ত্রী কোথায় ও কখন বৈঠক করেছেন, তা স্পষ্ট করে প্রমাণসহ দেশবাসীর সামনে তুলে ধরার চ্যালেঞ্জ জানান তিনি।

পিএসসি এবং জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, নীতি ও আদর্শের প্রশ্নে কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ায় ২৪ ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করার উদাহরণ দিয়ে তিনি বলেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া উচিত নয়।

স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ না নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং জনগণের আকাঙ্ক্ষা বিবেচনা করে সময়মতো নেওয়া হবে।

ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে গণমাধ্যমেরও কিছু দায় থাকতে পারে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও সঠিক তথ্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ছাড়া সৌদি আরবের কারাগারে বন্দি থাকা সাত হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং তারা ন্যায়বিচার পান, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামীন আলী, হবিগঞ্জ জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা।

এর আগে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জামায়াত আমিরকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *