সিরাজগঞ্জে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামের এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার উধারিয়া বা গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিবকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত আকরাম সরকার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে এবং অভিযুক্ত মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে মারুফ বিন হাবিব মোবাইল ফোনে আকরামকে তার বাড়িতে ডেকে নেন। পরে ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মারুফকে আটক করে।

উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়; বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

নিহতের বড় ভাই রাকিব সরকার জানান, বিকেলে বাড়ি থেকে বের হওয়ার সময় আকরাম বলেছিল—’মারুফ ভাই ফোন দিয়েছেন, ওনাদের বাড়িতে যাচ্ছি।’ তিনি আরও জানান, দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলাচল করতেন। কী এমন অপরাধের কারণে ভাইকে প্রাণ হারাতে হলো, তার সঠিক বিচার ও ঘাতক মারুফের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *