মৃত্যুর মুখ থেকে ফেরা: নিজ হাতে পা কেটে ৪৯১ দিন পর ড্রোনে উদ্ধার ইউক্রেনীয় সেনা

চারপাশে ঝাঁকে ঝাঁকে শত্রু ড্রোন, সামান্য নড়াচড়াতেই নিশ্চিত মৃত্যু—এমন এক ‘কিল জোন’ বা মৃত্যুপুরীতে কেটেছে টানা ৪৯১ দিন। রুশ ড্রোন হামলায় এক পা হারানোর পর পচে যাওয়া অন্য পা-টি নিজের ছুরি দিয়েই কেটেছিলেন ইউক্রেনীয় পদাতিক সেনা কোস্তিয়ান্তিন ভ্লাসেনকো। সব আশা যখন শেষ, ঠিক তখনই এক অবিশ্বাস্য ও নজিরবিহীন ড্রোনের সাহায্যে তাঁকে শূন্যে তুলে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হলো।

যুদ্ধের ময়দানে ড্রোনের এমন উদ্ধারকাজ আধুনিক সামরিক ইতিহাসে এটিই প্রথম কোনো জানা ঘটনা।

৪৯ বছর বয়সী কোস্তিয়ান্তিন ভ্লাসেনকো ইউক্রেনের ৩০তম মেকানাইজড ব্রিগেডের হয়ে খারকিভ অঞ্চলে লড়াই করছিলেন। গত বছরের মে মাসে তাঁকে যুদ্ধক্ষেত্রের একেবারে সামনের সারিতে পাঠানো হয়। সেখানে ‘বাস্কি’ নামের এক সহযোদ্ধার সঙ্গে ছোট একটি মাটির গর্তে গাদাগাদি করে দিন কাটাতেন তিনি। ড্রোনের মাধ্যমেই তাঁদের খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হতো।

কিন্তু গত ফেব্রুয়ারি মাসে একটি রুশ ড্রোন তাঁদের আদানপ্রদানের জায়গায় বোমা ফেললে সেই হামলায় বাস্কি নিহত হন। অন্যদিকে, ভ্লাসেনকোর বাঁ পা ছিন্নভিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে ভেঙে বেঁকে যায়। হামাগুড়ি দেওয়ারও উপায় ছিল না। কোনোমতে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের বয়লারকক্ষের নিচু গর্তে আশ্রয় নেন তিনি।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভ্লাসেনকোর বাঁ পা পুরোপুরি পচে যেতে শুরু করে। আর ডান পায়ের অবস্থা এমন হয়েছিল যে হাড় বেরিয়ে আসছিল। বুঝতে পেরেছিলেন, ইনফেকশনে মৃত্যুর মুখেই পড়তে হবে তাঁকে। উপায় না পেয়ে পচে যাওয়া পা-টি নিজের কাছে থাকা ছুরি দিয়েই কেটে ফেলেন তিনি এবং রক্তপাত বন্ধ করতে ব্যান্ডেজ বেঁধে নেন।

মাসের পর মাস ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা এই সেনা বলেন, ‘আমি নিজেকে কবর দিয়েই ফেলেছিলাম। আমি জানতাম, বেঁচে ফেরার আর কোনো আশা নেই।’

ড্রোনের মাধ্যমে নাটকীয় উদ্ধার অভিযান
ভ্লাসেনকোকে বাঁচাতে পিকআপ ট্রাক বা সাঁজোয়া যান পাঠানোর চেষ্টা করা হলেও রুশ ড্রোনের কারণে তা অসম্ভব হয়ে পড়েছিল। এমনকি দুটি চালকবিহীন স্থলযানও সেখানে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়।

অবশেষে ‘গুরজুফ ডিফেন্স’ নামের একটি স্থানীয় কোম্পানির তৈরি নতুন একটি বিশাল ভারী ড্রোনের ওপর ভরসা করে ইউক্রেনীয় বাহিনী। ছয়টি খাড়া পাখাওয়ালা এই ড্রোনটি সর্বোচ্চ ৯০ কেজি ওজন বহন করতে সক্ষম।

গত ৪ অক্টোবর সেই নাটকীয় অভিযান চালানো হয়। আকাশে রুশ ড্রোনগুলোর মনোযোগ সরাতে এবং হামলা ঠেকাতে ইউক্রেনের গোলন্দাজ বাহিনী ও আরও কয়েকটি ছোট ড্রোন মিলে টানা দুই ঘণ্টা চারপাশ কাঁপিয়ে রাখে। এর মাঝেই বিশাল ওই ড্রোনটি ভ্লাসেনকোর কাছে পৌঁছায়। হার্নেস ও হুকের সাহায্যে নিজেকে ঝুলিয়ে দেন দুই পা হারানো ভ্লাসেনকো।

এরপর মাটি থেকে প্রায় ৭০ মিটার উঁচুতে ড্রোনের তারে ঝুলে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে নিরাপদ আশ্রয়ে পৌঁছান তিনি।

বর্তমানে খারকিভের একটি হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের এই ভয়াবহ অধ্যায় পার করছেন ভ্লাসেনকো। দুপা হারিয়েও মৃত্যুর মুখ থেকে তাঁর এই ফিরে আসা ইউক্রেনীয় বাহিনীর কাছে এক অসম্ভব জয়ের সমতুল্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *