চুয়াডাঙ্গায় অভিনব কায়দায় দুটি ফিলিং স্টেশন থেকে টাকা না দিয়ে তেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেলচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার চুয়াডাঙ্গা ফিলিং স্টেশন ও হাইওয়ে ফিলিং স্টেশনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং নিয়ামতপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে শান্ত রহমান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে দুটি মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে আসেন ওই দুই চালক। তাঁরা ১ হাজার ৭৫০ টাকার জ্বালানি তেল নেন। এরপর মবিল নেওয়ার অজুহাতে এক কর্মচারীকে পাম্পের কার্যালয়ে পাঠিয়ে মুহূর্তেই মোটরসাইকেল নিয়ে চম্পট দেন তাঁরা।
এর ঠিক কিছু সময় পর, রাত ১০টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গা–ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে উপস্থিত হন তাঁরা। সেখানেও একই কায়দায় আরও ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করেন।
চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের মালিক এবং জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক তসলিম আরিফ জানান, প্রথম পাম্পে চুরির বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা হাইওয়ে ফিলিং স্টেশন এবং সরোজগঞ্জ এলাকার পাম্প মালিকদের সতর্ক করে দেন।
পূর্বপ্রস্তুতি থাকায় তেল নিয়ে পালানোর সময় তাঁদের পিছু নেন পাম্পের লোকজন। প্রায় পাঁচ কিলোমিটার পথ রুদ্ধশ্বাস ধাওয়া করে শেষ পর্যন্ত তাঁদের আটক করা হয়। পরে বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ফিলিং স্টেশনের মালিকপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply