
কুমিল্লা জেলায় মাদক চোরাকারবারি, কিশোর গ্যাং এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও ডিবি পুলিশের বিভিন্ন ইউনিট এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানা এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে মাদক মামলার আসামি, কিশোর অপরাধী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক রয়েছেন।
অভিযান শেষে আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও প্রশাসন) মো. লুৎফর রহমান সমকালকে জানান, আটকদের মধ্যে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সুনির্দিষ্ট অপরাধ না পাওয়ায় বাকি ১৩৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অপরাধ নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
অনলাইন ডেস্ক 

























