গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন (৩৪) ও শহিদুল ইসলাম (৩৫) নামের দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি-হাতিয়াদহ এলাকা থেকে তাদের আটক করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে সাবগাছি-হাতিয়াদহ এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বেলাল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার গন্ধর্ববাড়ী এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে এবং শহিদুল ইসলাম ফুলবাড়ী এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেলাল হোসেনের বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানাসহ গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি এবং শহিদুল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে।
ওসি মাহফুজ আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply