মার্কিন সংবিধানে স্পষ্টভাবে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার নিষেধাজ্ঞা থাকলেও, তৃতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার ইচ্ছা আবারও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আইওয়ার সিউ সিটিতে এক নির্বাচনি সমাবেশে তিনি দাবি করেছেন, ২০২০ সালের নির্বাচনে তার সঙ্গে ‘প্রতারণা’ হওয়ার কারণে তার ফের নির্বাচন করার নৈতিক অধিকার রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আইন অনুযায়ী হয়তো তার সুযোগ নেই, কিন্তু তার দাবি—তিনি আসলে তিনবারই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী এই দাবি বাস্তবায়নের কোনো আইনি সুযোগ নেই এবং ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে সংবিধানের এই বিধান বেশ স্পষ্ট।
এর আগেও বিভিন্ন সময় তৃতীয় মেয়াদে লড়ার ইচ্ছা ও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত বছর তার অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা ক্যাপ বিক্রি শুরু হয় এবং হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও তাকে সেটি পরিধান করতে দেখা যায়।
এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এসব বক্তব্যকে রাজনৈতিক রসিকতা বা ডেমোক্র্যাটদের উসকে দেওয়ার কৌশল বলে মনে করছেন। তবে বিরোধীদের আশঙ্কা, এই ধরনের মন্তব্যকে স্রেফ কৌতুক হিসেবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে বার্তা
আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির আসন বাড়াতে সমর্থকদের সক্রিয়ভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ভোটারদের এমনভাবে ভোট দেওয়ার তাগিদ দিয়েছেন, যেন ব্যালটে সরাসরি তিনিই প্রার্থী রয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ায়, এই কৌশল রিপাবলিকানদের জন্য কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ রয়েছে।

Leave a Reply