গাজার অস্থায়ী এক তাঁবু। বাইরে মৃত্যুর মিছিল, ভেতরে মায়ের কোলে বসে থাকা ১২ বছরের জিবরিল। সঙ্গে দুই বোন—মারিয়াম ও আয়া। হঠাৎ এক বিকট শব্দ, ইসরায়েলি বোমার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় তাদের শেষ সম্বলটুকু। চোখের সামনেই প্রাণ হারান মা ইসলাম, আহত হয় ছোট্ট জিবরিল। এই মর্মান্তিক ঘটনার পর থেকে এক আত্মীয়ের তাঁবু থেকে আরেক আত্মীয়ের তাঁবুতে কাটছে এই তিন এতিম শিশুর অনিশ্চিত জীবন।
গাজার এই তিন ভাইবোনের নাম মারিয়াম (১৬), আয়া (১৪) এবং জিবরিল (১২)। ২০২৫ সালের অক্টোবরের সেই ভয়াল দিনে মাকে হারানোর পর থেকে তাদের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। স্থায়ী কোনো ঠিকানা নেই, নেই মা-বাবার স্নেহে মাথা গোঁজার ঠাঁই।
মারিয়ামের জীবনে এই ক্ষত নতুন নয়। ২০১৪ সালে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মারা যান তাদের বাবা। সেই থেকে মা ইসলামই ছিলেন তাদের একমাত্র পৃথিবী। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে গাজা সিটিতে তাদের পৈতৃক ভিটাও ধ্বংস হয়ে যায়। প্রাণ বাঁচাতে মা ও ভাইবোনদের নিয়ে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার একটি অস্থায়ী তাঁবুতে ঠাঁই নেন ইসলাম।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস—২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতির ১৯ দিন পর সেই তাঁবুতেই আঘাত হানে বোমা। নিহত হন মা ইসলাম। মায়ের মৃত্যুর সময় তার কোলেই ছিল জিবরিল। সেদিন মা হারানোর পাশাপাশি স্বাভাবিক শৈশব ও নিরাপত্তার শেষ আলোটুকুও চিরতরে নিভে যায় এই শিশুদের জীবন থেকে।
এখন তাদের কোনো স্থায়ী আবাস নেই। কখনো দাদির কাছে, আবার কখনো মায়ের বোনদের তাঁবুতে দিন কাটে তাদের। নিয়ম করে প্রতি দুই রাত পর পর এক খালার তাঁবু ছেড়ে অন্য খালার তাঁবুতে যেতে হয় তাদের।
মায়ের বোন ও বিধবা খালা ওয়ারদা আল-মুজেইনি বলেন, “বোমা হামলায় আহত হওয়ার পর নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছে জিবরিল। এই অভিঘাত কাটিয়ে তার পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা অত্যন্ত কঠিন।”
নিজের স্বামীকেও যুদ্ধে হারিয়েছেন ওয়ারদা। চার সন্তানকে নিয়ে এখন তার নিজের সংসারেই নুন আনতে পান্তা ফুরায়। কোনো চাকরি বা আয় না থাকায় নিজের সন্তানদের মুখে একবেলা খাবার তুলে দেওয়া যেখানে কষ্টকর, সেখানে বোনের এই তিন এতিম সন্তানকেও সাধ্যমতো আগলে রেখেছেন তিন খালা। কেউ কিনে দেন পোশাক, কেউ স্যান্ডেল, আবার কেউ দেন সামান্য হাতখরচ।
মারিয়াম, আয়া ও জিবরিলের মতো হাজারো শিশুর গল্প আজ গাজার প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়। গাজার সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ৭১ হাজার শিশু এতিম হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৪৬৮ শিশু ২০২৩ সালের পর মা-বাবার একজনকে বা দুজনকে হারিয়েছে। এছাড়া গাজায় অন্তত ৬৪ হাজার নারী স্বামীহারা হয়েছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজা আল-খালুত জানান, পরিসংখ্যান দিয়ে এই অমানবিক দুর্ভোগ পুরোপুরি বোঝানো সম্ভব নয়। মা-বাবা হারানোর পাশাপাশি এসব শিশুর শিক্ষা, শৈশব ও ভবিষ্যৎ পুরোপুরি থমকে গেছে। দারিদ্র্য ও বাস্তুচ্যুতির কারণে শিশুদের শ্রমে যুক্ত হওয়া এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার ঝুঁকিও বাড়ছে আশঙ্কাজনকভাবে।
গাজায় এমন শিশুও রয়েছে, যারা পরিবারের সবাইকে হারিয়ে সম্পূর্ণ একা। ১০ বছর বয়সি ওয়াফা আল-আত্তার তাদেরই একজন। ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি দেইর আল-বালাহতে ইসরায়েলি বিমান হামলায় তার বাবা-মা ও চার ভাইবোন সবাই নিহত হন। বাবার ফোনে চার্জ দিতে চাচার বাড়িতে যাওয়ার কারণে সেদিন অলৌকিকভাবেই বেঁচে যায় ওয়াফা। ফিরে এসে সে দেখে, তার আস্ত পরিবারটি নিমেষেই ধূলিসাৎ হয়ে গেছে।
বর্তমানে চাচার পরিবারে আশ্রয় পেলেও ওয়াফার মনের গভীরের শূন্যতা আজও পূরণ হয়নি। গাজার হাজারো এতিম শিশুর মতো মারিয়াম, আয়া, জিবরিল ও ওয়াফাদের প্রতিটি দিনই এখন এক একটি বেঁচে থাকার কঠিন যুদ্ধ।

Leave a Reply