
পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’-এর মূল চরিত্র আবু বকর দর্শকদের মনে দারুণ কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত এই নাটকে আবু বকরের চরিত্রটি যেন নিখুঁত এক পুরুষের প্রতিচ্ছবি। রাগ নিয়ন্ত্রণ, চরম ধৈর্য, মায়ের প্রতি সম্মান এবং স্ত্রীর প্রতি যত্নশীল আচরণ—সব মিলিয়ে তাকে একজন ‘আদর্শ স্বামী’ হিসেবে দেখছেন অনেকে। তবে তার এই নিখুঁত ব্যক্তিত্ব ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন।
আবু বকরের অতিরিক্ত সংযত আচরণ দেখে অনেক দর্শকের মনেই প্রশ্ন জেগেছে—বাস্তব জীবনে কি এমন পুরুষের দেখা মেলে? নাকি চরিত্রটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা কোনো অবাস্তব ও নিখুঁত চরিত্রের মতো মনে হচ্ছে? নাটকে তার এবং খুশবখতের আচরণে মানবিক দুর্বলতা বা সম্পর্কের সাধারণ জটিলতাগুলো কম থাকায় একে অনেকের কাছে কৃত্রিম মনে হয়েছে। তবে সমালোচকদের মতে, আবু বকরকে বাস্তব জীবনের হুবহু প্রতিলিপি না ভেবে একজন ‘আদর্শ স্বামীর কাল্পনিক রূপ’ হিসেবে দেখাই শ্রেয়।
নাটকে জারিয়াব ও আবু বকরের রসায়ন বেশ উপভোগ করছেন দর্শকরা। জারিয়াব নানাভাবে মেজাজ হারানোর পরিস্থিতি তৈরি করলেও আবু বকর সবসময় ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। শুরুতে তাদের মধ্যে রোমান্টিকতার প্রকাশ কম থাকলেও সম্প্রতি আবু বকরের রোমান্টিক ও কোমল রূপ দর্শকদের মুগ্ধ করেছে। তবে প্রশ্ন থেকেই গেছে—তার এই ধৈর্যের পেছনে কি শুধু ধর্মীয় মূল্যবোধ ও দায়িত্ববোধ কাজ করছে, নাকি জারিয়াবের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে?
নাটকের গল্পে ইসলামি মূল্যবোধ, পারিবারিক সম্পর্ক এবং বিবাহবন্ধনের পবিত্রতা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা প্রশংসনীয়। তবে এর পাশাপাশি মুঠোফোনের পর্দায় কোরআনের আয়াত বা ইবলিসের ছবি যুক্ত করার মতো অতিরিক্ত বার্তা দেওয়ার প্রবণতা অনেক সময় মূল প্রেমের গল্পের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন কেউ কেউ। প্রেমের গল্পের আবেগ ও টানাপোড়েনের চেয়ে ধর্মীয় বার্তাগুলো অনেক সময় বেশি প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ সমালোচকদের।
নামির খান, দুর-এ-ফিশান সেলিম, শেহরিয়ার মুনাওয়ার ও সানিয়া সাঈদের মতো তারকারা অভিনীত এই নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। আবু বকর চরিত্রটি একেকজনের কাছে একেকভাবে ধরা দিচ্ছে—কারও কাছে তিনি ভালোবাসার প্রতীক, কারও কাছে ধর্মীয় অনুশাসনের প্রতিচ্ছবি, আবার কারও কাছে নিছকই এক কাল্পনিক আদর্শ চরিত্র।
বাস্তবের পুরুষের প্রতিচ্ছবি হোক বা কল্পনার আদর্শ স্বামী—আবু বকর যে দর্শকদের ভাবাতে বাধ্য করেছেন, তাতে কোনো সন্দেহ নেই।
অনলাইন ডেস্ক 

























