
গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনের পরিধি আরও বিস্তৃত করতে ওয়ান ব্যাংক পিএলসি-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’। সম্প্রতি রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, এখন থেকে ওয়ান ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স মুহূর্তেই আরও সহজে ও দ্রুত প্রান্তিক মানুষের ‘নগদ’ ওয়ালেটে পৌঁছে যাবে। ফলে বৈধ পথে বিদেশে অবস্থানরত প্রবাসীদের পাঠানো অর্থ পরিবারের কাছে পৌঁছানো নিয়ে কোনো জটিলতা থাকবে না। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা ২৪ ঘণ্টা যেকোনো সময় এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।
এছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথভাবে ভবিষ্যতে ওয়ান ব্যাংকের ‘ন্যানো লোন’ সহ অন্যান্য ঋণ এবং মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধের সুবিধা চালুর সম্ভাব্যতাও যাচাই করবে।
অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, “ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকদের দোরগোড়ায় ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিধি আরও বাড়বে। বিশেষ করে, রেমিট্যান্স সরাসরি নগদ ওয়ালেটে চলে আসায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ দারুণ উপকৃত হবেন।”
অন্যদিকে, ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম বলেন, “নগদের শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যেসব এলাকায় ব্যাংকের শাখা নেই, সেখানেও খুব সহজে রেমিট্যান্স বিতরণ এবং ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুযোগ তৈরি হবে।”
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদের রেমিট্যান্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান, পাইক ইকবাল হোসেন এবং ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনলাইন ডেস্ক 
























