
জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার পেশাগত ও ব্যক্তিগত জীবন যেন বর্তমানে একের পর এক জটিলতায় ঘেরা। গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা। শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ থেকে শুরু করে শাড়ি-সংক্রান্ত জটিলতা—সব মিলিয়ে কঠিন সময়ের মুখোমুখি তিনি। এর মাঝেই গুঞ্জন উঠেছে, তার অভিনীত প্রথম বাণিজ্যিক এই সিনেমাটির মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শাড়ি-কাণ্ড ও নতুন হত্যা মামলা
ফ্যাশন হাউসের সঙ্গে আইনি দ্বন্দ্বের জেরে পূর্বে একটি মামলা দায়ের করেছিলেন ডিজাইনার ও বাদী সানায়া চৌধুরী। সম্প্রতি সেই মামলা তুলে নেওয়ার জন্য সানায়াকে হত্যার হুমকির অভিযোগ এনে তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এর আগে, পূর্বের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি জানালে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের দায়িত্ব দেন। এরপর গত সোমবার (২৬ অক্টোবর) এই নতুন মামলাটি করেন সানায়া চৌধুরী এবং আদালত আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
ভাইরাল অডিও ও নেটদুনিয়ায় সমালোচনা
আইনি লড়াইয়ের পাশাপাশি গত সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা ও সানায়ার একটি কথোপকথনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শাড়ি নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শোনা যায়।কথোপকথনের একপর্যায়ে তানজিন তিশাকে বলতে শোনা যায়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’ এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
বিনোদন ডেস্ক 
























