
আসছে আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় এবং প্রিয় তারকার এক ঝলক পাওয়ার আনন্দ এক উৎসবে পরিণত হয়। তবে এবারের জন্মদিনে সেই চেনা আমেজে ছেদ পড়তে চলেছে। ভক্তদের সঙ্গে ঐতিহ্যবাহী সেই বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠান এবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
জানা গেছে, ব্যস্ত শিডিউল ও আগামী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় জন্মদিনে অনুরাগীদের সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি আরও বড় পরিসরে ভক্তদের জায়গা দেওয়ার জন্য কোনো বিকল্প ভেন্যুতে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত শুটিংয়ের প্রচণ্ড চাপের কারণে তা আর হয়ে উঠছে না।
ভক্তদের এই নিদারুণ হতাশার কথা মাথায় রেখে শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ ফ্যান ক্লাবগুলোর কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে। তবে আশার কথা হলো—সিনেমার কাজ শেষ করে মুক্তির আগে আরও বড় পরিসরে ভক্তদের মুখোমুখি হওয়ার পরিকল্পনা রয়েছে তার টিমের। যদিও এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।
বিনোদন ডেস্ক 
























