আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের তেল আবিব শহর উত্তাল হয়ে উঠেছে। নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতে গত শনিবার দেশটির রাজপথে নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। সরকারের তীব্র বিরোধিতার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তা ব্যর্থতার স্বাধীন ও রাষ্ট্রীয় তদন্ত দাবি করেন তাঁরা।
আগামী মঙ্গলবার গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরায়েলে। নির্বাচনের প্রাক্কালে তেল আবিবের হোস্টেজ স্কয়ারে এই বিক্ষোভের আয়োজন করে ‘অক্টোবর কাউন্সিল’। হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের গড়া এই সংগঠনটি শুরু থেকেই সরকারের চরম ব্যর্থতার জবাবদিহি চেয়ে আসছে। সংগঠনটি জানিয়েছে, সত্য উদ্ঘাটন এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে এটি তাদের তিন বছরের আন্দোলনের চূড়ান্ত রূপ। শুধু তেল আবিব নয়, দেশের অন্যান্য অঞ্চলেও সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই বিক্ষোভে সংহতি প্রকাশ করে যোগ দেন বিরোধী দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট বিক্ষোভে অংশ নিলে ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ স্লোগানে তাঁকে স্বাগত জানান জনতা। এছাড়া ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানও উপস্থিত ছিলেন।
জনমত জরিপ অনুযায়ী, ২০২২ সাল থেকে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ডানপন্থী জোটের সঙ্গে আইজেনকটের জোটের এবারের লড়াই হবে সমানে সমান। তবে নেসেটে (পার্লামেন্ট) কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আভাস মিলছে।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ইসরায়েলের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর বিষয়টি এই নির্বাচনের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে। আইজেনকট ক্ষমতায় এলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তুলনামূলক কম আগ্রহী হতে পারেন। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাসহ পররাষ্ট্রনীতির অন্যান্য মূল বিষয়ে ইসরায়েলের প্রধান দলগুলোর মধ্যে গভীর ঐকমত্য বজায় রয়েছে।

Leave a Reply