
মো. পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. অঙ্কন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) ধনবাড়ী থানা সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দড়িচন্দ্রবাড়ী চরপাড়া এলাকায় আক্তার হোসেনের মুদি দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. অঙ্কন মিয়াকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত অঙ্কন মিয়া উপজেলার ঝোপনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি হামেদ আলীর ছেলে।
এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ ৩ জুলাই ২০২৬।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে তা পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
মো. পলাশ ইসলাম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 























