নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভানুয়াই এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরাম আলী বাড়ির মো. দুলালের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই এলাকার মো. হারুনের ছেলে মো. জীবন (২২)।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয় এবং এসআরবি-১১-এর একটি দল ভানুয়াই এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘সাগরিকা পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে থাকা আলমগীর ও জীবনের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সাথে মাদক চোরাচালানে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করা হয়।
ডিএনসি জানায়, আসামিরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজার চালানিটি সংগ্রহ করে সোনাইমুড়ীর দিকে নিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply