রোগীদের সঙ্গে চিকিৎসকদের ভালো আচরণ করার তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসাসেবা দেওয়ার সময় রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে এর জবাবদিহি করতে হবে। শুধু নামাজ-রোজা করে এর থেকে মুক্তি পাওয়া যাবে না, মানুষের সঙ্গে ভালো আচরণই মৃত্যুর পর সবচেয়ে বড় পাথেয় হিসেবে কাজ করবে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা অনেক সময় নানা অর্জনের কথা বলি, কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন। চিকিৎসকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে স্বাস্থ্য খাতের মান অনেকটাই উন্নত হয়েছে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষ বা রোগীর ছদ্মবেশেই স্রষ্টা মানুষের মনমানসিকতা ও সেবা পরীক্ষা করেন। তাই রোগীর সঙ্গে অবহেলা বা খারাপ আচরণ করলে পরকালে কঠিন জবাবদিহির মুখে পড়তে হবে।
হাসপাতালের খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী রসাত্মক ভঙ্গিতে বলেন, অনেক হাসপাতালের খাবার তাঁর নিজের বাসার রান্নার মতো না হলেও বেশ ভালো মানের, যা তিনি নিজেও খেয়ে থাকেন।
এ সময় শিশুদের স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে তিনি জানান, দুই মাসের কম বয়সী শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এতে কিছু শিশু মারা গেলেও অনেকেই আবার সুস্থ হয়ে উঠছে।

Leave a Reply