রামেক হাসপাতালে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা পুলিশ হেফাজতে, ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে ইন্টার্নশিপ চালুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তারা।

শুভ কুমার মণ্ডল (রামেকের ৫৯তম ব্যাচ) ও নাহিদ হাসান (৬০তম ব্যাচ)—উভয়েই পঞ্চম বর্ষ শেষে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও এর বিরোধিতার অভিযোগ থাকায় ২০২৪ সালের ৬ নভেম্বর রামেক কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তারা পুনরায় ইন্টার্নশিপের প্রক্রিয়া শুরু করতে সকালে হাসপাতালে আসেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের সহায়তায় তারা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করেন এবং একপর্যায়ে পরিচালকের কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, ডিবি, সিআরটি এবং এসআরবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতালে উপস্থিত হয়। দীর্ঘ সময় অবরুদ্ধ রাখার পর দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের কঠোর নিরাপত্তায় পরিচালকের কক্ষ থেকে বের করে আনে। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম এবং ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনের নেতৃত্বে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

হাসপাতালের ফটকে অপেক্ষমাণ গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন। শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে গেলে তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়। পরবর্তীতে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সদস্যদের হস্তক্ষেপে নাহিদকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, স্থগিতাদেশের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আবেদন করে ইন্টার্নশিপ শুরু করার কথা থাকলেও তারা কোনো আবেদন ছাড়াই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরিস্থিতি বিবেচনায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।

অন্যদিকে, রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন পরিস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন এবং কারা তাদের সহযোগিতা করেছেন, তা তদন্ত করে আইনের আওতায় আনা উচিত।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান, তাদের বিরুদ্ধে পূর্বে থেকেই নানা অভিযোগ থাকায় হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *