উসমান খাজার বিস্ফোরক দাবি ও ওয়ার্নারের সমর্থন সত্ত্বেও ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে নতুন তদন্তে না বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া

২০১৮ সালের আলোচিত কেপটাউন টেস্টের সেই ‘বল টেম্পারিং’ বা স্যান্ডপেপার কাণ্ড নিয়ে ফের তৈরি হওয়া বিতর্ক থামিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য এবং ডেভিড ওয়ার্নারের জোরালো সমর্থন সত্ত্বেও পুরনো ঘটনাটি নিয়ে নতুন করে কোনো তদন্ত বা পর্যালোচনা করতে নারাজ ক্রিকেট বোর্ড।

সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সাফ কথা, আট বছর আগের ঘটনা পুনরায় খতিয়ে দেখে কোনো সুফল মিলবে না।

সম্প্রতি প্রকাশিত উসমান খাজার আত্মজীবনীতে দাবি করা হয়েছে যে, বল বিকৃতির এই পরিকল্পনা সম্পর্কে শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই নন, দলের আরও কজন ক্রিকেটারও ওয়াকিবহাল ছিলেন। শুধু তাই নয়, কেপটাউন টেস্টের আগের ম্যাচ—পোর্ট এলিজাবেথেও বলের আকৃতি বদলাতে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে দাবি খাজার। এছাড়া তদন্তের সময় তাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। খাজার এসব দাবিকে শতভাগ সত্য বলে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার ও সাবেক পেসার চ্যাড সেয়ার্স।

এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সিএ প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানান, ২০১৮ সালে তৎকালীন নেতৃত্বের অধীনেই বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে। অতীতের সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তোলার বা পুনর্মূল্যায়ন করার কোনো প্রয়োজন দেখছে না বোর্ড। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বোর্ডের দায়িত্বে থাকা কেউই সে সময় দায়িত্বে ছিলেন না এবং খাজার নতুন দাবির পরও পূর্বের তদন্তের ফলাফলেই সন্তুষ্ট রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *