সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযুক্ত হয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) শেষ রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল পোদ্দার আপন (২২), যিনি চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের মাসুদ পোদ্দারের ছেলে; এবং একই ইউনিয়নের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্ত (৩০), যিনি পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলাজুড়ে ঘটা বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপের ঘটনায় ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে তদন্তে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে এই দুই নেতাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, মঙ্গলবার দুপুরে আইনানুগ প্রক্রিয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামিদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply