অসুস্থতা ও হাসপাতালের পাট চুকিয়ে অবশেষে মাঠের অনুশীলনে ফিরেছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। মঙ্গলবার (১০ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে কোচের ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ক্লাবের দ্বিতীয় দলের অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন বেলজিয়ান এই কোচ। জানা যায়, ভাইরাসজনিত অসুস্থতা থেকে সেরে ওঠার পর তিনি ‘মেনিনজিয়াল ইরিটেশন’ (মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণীতে প্রদাহ বা অস্বস্তি) সমস্যায় আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থ হয়ে উঠছেন। প্রশিক্ষণ মাঠে ফেরার পর তিনি নিজের কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছেন।
অধিকাংশ খেলোয়াড় আন্তর্জাতিক ডিউটিতে থাকায় বায়ার্ন এই মুহূর্তে কোনো পূর্ণাঙ্গ অনুশীলন সেশন রাখেনি। তবে কোচের সুস্থ হয়ে মাঠে ফেরাটা বুন্দেসলিগার শীর্ষস্থানে থাকা দলটির জন্য বড় এক স্বস্তির খবর। আগামী ২০ নভেম্বর নিজেদের ঘরের মাঠে এফসি কোলনের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ডাগআউটে পূর্ণ মনোযোগ দেবেন তিনি।
কোম্পানির অনুপস্থিতিতে সহকারী ম্যানেজার অ্যারন ড্যাঙ্কস অত্যন্ত সফলভাবে দলের দায়িত্ব সামলেছেন। তার অধীনে বায়ার্ন ফ্রেইবুর্গ, ম্যাগডেবার্গ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও মাইনৎসের বিপক্ষে জয় তুলে নেয় এবং লিগ শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ম্যাচটি ২-২ গোলে ড্র করে।

Leave a Reply