ব্যাংক ম্যানেজার পদে যোগদানের আগেই গ্রেফতার ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউস

গোপনে বাড়িতে ফিরেও শেষ রক্ষা হলো না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসের (২৮)। বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলায় সালথা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে স্থানীয় জনতার খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন পরেই তার সোনালী ব্যাংকে ‘ম্যানেজার’ পদে যোগ দেওয়ার কথা ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিগত সরকারের সময়ে এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল। সম্প্রতি তিনি গোপনে নিজ গ্রামে ফেরেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাকে চিনে ফেলে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউসের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *