মার্কিন নিষেধাজ্ঞার কারণে এক অভূতপূর্ব পরিস্থিতির মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মাঠে নামার কথা ছিল দলটির। তবে সফরকারী বিমানটিকে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক কর্তৃপক্ষ। বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি নিজ দেশে ফিরে আবাদান বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদসংস্থা রয়টার্সকে নিশ্চিত করে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বসরা বিমানবন্দর সূত্র জানায়, ইরানি এয়ারলাইনগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা কঠোর নিষেধাজ্ঞার কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বসরা বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ফলে সম্ভাব্য ঝুঁকি ও আইনি জটিলতা এড়াতেই ইরানি বিমানকে অবতরণ করতে দেওয়া হয়নি।
ইরাকের বসরায় অনুষ্ঠিত হতে যাওয়া এই চারজাতি টুর্নামেন্টে স্বাগতিক ইরাক, ইরান, ফিলিস্তিন ও লেবাননের অংশ নেওয়ার কথা রয়েছে। আকাশপথে পৌঁছাতে ব্যর্থ হলেও হাল ছাড়ছে না ইরানি দল। বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, বিমানে বাধা আসলেও ফুটবল দলটি সড়কপথে বসরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল সংকুচিত করতে ওয়াশিংটন যে কঠোর নীতি গ্রহণ করেছে, এই ঘটনাটি তারই বহিঃপ্রকাশ। চলতি বছরের সেপ্টেম্বরের পর থেকে যেসব কোম্পানি বা বিমানবন্দর ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেবে, তাদের বিরুদ্ধেও মার্কিন অর্থব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছিল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সেই সতর্কবার্তার পর থেকে দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা এড়াতে এর আগে বাগদাদ বিমানবন্দরেও ইরানি ফ্লাইট নিষিদ্ধ করেছিল ইরাক। এবার তার প্রভাব পড়ল দেশটির ক্রীড়া ক্ষেত্রেও।

Leave a Reply