পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে গভীর রাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর তাকে পুনরায় আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে নেওয়া হয়।
শারীরিক জটিলতা: হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, রক্তচাপজনিত কিছু সমস্যার পাশাপাশি তার ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমে যাওয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী কারাবন্দি ইমরান খানের সঙ্গে তার আইনজীবী দল ও স্ত্রীর সাক্ষাতের সুযোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া তার দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা এই নেতা। তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে তার দল, যদিও তা বরাবরই অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

Leave a Reply