চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন শীর্ষ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে শাহরাস্তিতে নিয়ে আসা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিউল হোসেন বাচ্চু (৪৫): টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (পিতা: আব্দুল মান্নান সর্দার, গ্রাম: সেতরা)।
মো. মানিক হোসেন (৩৯): টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (পিতা: মো. সফিকুর রহমান, গ্রাম: আলীপুর)।
মো. মোতাহের হোসেন টিটু (৪৬): টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি (পিতা: মৃত আব্দুল খালেক, গ্রাম: ওয়ারুক)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়। ওই মামলার তদন্তে এই তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই নেতারা কক্সবাজারে নিরাপদ দূরত্বে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহরাস্তিতে এ ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে গ্রেফতারকৃত তিন আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply