নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া প্রতিরোধে দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতা সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিশুদের সুরক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “নিউমোনিয়া থেকে শিশুদের বাঁচাতে যা যা করা দরকার, আমি সবকিছু করতে প্রস্তুত। যেকোনো প্রয়োজনীয় সরঞ্জাম বা সহায়তা প্রদানে আমি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিছপা হবে না। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা নেওয়া হবে।”

দেশের চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নিয়মিত রোগী দেখার সুবাদে আমাদের চিকিৎসকদের অভিজ্ঞতার পরিধি অনেক বেশি। সিঙ্গাপুরের চিকিৎসকেরাও স্বীকার করেছেন যে তাদের তুলনায় আমাদের দেশের চিকিৎসকরা অনেক বেশি জ্ঞানী। নিজের আস্থার কথা প্রকাশ করে মন্ত্রী বলেন, “আমি কখনো বিদেশে চিকিৎসা করাতে যাই না, দেশের চিকিৎসকদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”

এদিকে হাম ও ডেঙ্গুর প্রকোপ প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম এবং ডেঙ্গু থেকে শিশুদের পুরোপুরি রক্ষা করতে না পারার ব্যর্থতার দায় আমি এড়াতে পারি না। কেন আমরা পারছি না, তার সুনির্দিষ্ট উপায় চিকিৎসকেরা যেন আমাকে বাতলে দেন।”

স্বাস্থ্য খাতের সার্বিক মানোন্নয়নে আধুনিক স্বাস্থ্য সরঞ্জাম আমদানির পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “আমার কোনো ধরনের দুর্নীতি বা ব্যর্থতার তথ্য যদি আপনাদের কাছে থাকে, তবে আমাকে জানান; আমি পদত্যাগ করতে প্রস্তুত। কোনোভাবেই এই সরকারকে কলুষিত হতে দিতে চাই না।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *