সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য রোধে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ভুয়া অ্যাকাউন্ট ও সাইট শনাক্তকরণ: ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে বাংলা ফ্যাক্ট। এ ছাড়া মূল ধারার সংবাদপত্র ও টেলিভিশনের আদলে অপতথ্য ছড়ানো ১৯টি ওয়েবসাইট, ৮ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট এবং শতাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে।
দৈনিক কার্যক্রম ও ম্যানুয়াল: বর্তমানে বাংলা ফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করছে। গণমাধ্যমকর্মীদের সহায়তায় শীঘ্রই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
সাংবাদিকদের প্রশিক্ষণ: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পিআইবির মাধ্যমে তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১ হাজার ৬৯১ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
বিটিআরসির মাধ্যমে আইনি পদক্ষেপ: গত ৮ এপ্রিল থেকে ছুটির দিনসহ প্রতিদিন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব যাচাই-বাছাই করছে তথ্য অধিদফতর। বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য প্রচারকারী আইডিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিটিআরসিকে অনুরোধ জানানো হচ্ছে।
নবম সংবাদপত্র মজুরি বোর্ড: ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর প্রকাশিত নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মালিক ও সাংবাদিকদের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য এবং আইনি জটিলতার কারণে এটি পুরোপুরি কার্যকর করা যায়নি। তবে গেজেট প্রকাশের পর বাসসসহ কয়েকটি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করেছে।

Leave a Reply