কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশি অভিযানে মো. মেহেদী হাসান (২৬) নামের এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের দাবি, তিনি সীমান্তকেন্দ্রিক এক সক্রিয় চোরাকারবারি চক্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক।
পুলিশ সূত্রের খবর, গত ১১ নভেম্বর (বুধবার) গভীর রাতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২:৩০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ ভেতরে, শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার ‘ইছারপুল সেতু’ থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মেহেদী হাসানের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানাধীন গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্র পরিচালনা করে আসছিলেন। পলাতক অন্যান্য সহযোগীদের চিহ্নিত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Leave a Reply