গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন।

অভিযোগে বলা হয়, ওই দিন সকাল থেকে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড় এবং সদর উপজেলার কাঠিসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করা হয়। পাশাপাশি কাভার্ড ভ্যান, বাস ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কের ওপর ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

এছাড়া সোমবার (৯ নভেম্বর) রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই রাতেই শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *