তেলেঙ্গানায় বিসিসিআই অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগের তীর স্থানীয় যুবকদের দিকে

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভিকারাবাদে ১৭ বছর বয়সী উদীয়মান নারী ক্রিকেটার নন্দিনী রাঠোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) ভিকারাবাদে তার দাদির বাড়ি থেকে এই তরুণী ক্রিকেটারের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের জোরালো অভিযোগ, স্থানীয় দুই যুবকের লাগাতার উত্যক্ত ও হয়রানির শিকার হয়েই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তিনি।

নন্দিনী রাঠোর ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামের বাসিন্দা হলেও পড়াশোনা ও ক্রিকেট প্রশিক্ষণের সুবাদে ভিকারাবাদের মধু কলোনিতে বসবাস করছিলেন। স্থানীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করা এই তরুণী সম্প্রতি বিসিসিআই অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়ে বেশ সম্ভাবনার জানান দিয়েছিলেন।

নিহত ক্রিকেটারের পরিবারের দাবি, অনিল নামের এক স্থানীয় যুবক প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে অনুসরণ ও হয়রানি করে আসছিল। এই কার্যকলাপে কৃষ্ণা নামের আরেক যুবক তাকে সহায়তা করত। প্রায় তিন মাস ধরে চলা এই হয়রানির বিষয়ে পরিবার ওই যুবকদের একাধিকবার সতর্ক করলেও তারা উল্টো নন্দিনীকে হুমকি দেয়। পরিবারের ধারণা, মানসিক এই চাপ ও হয়রানির কারণেই চরম পথ বেছে নিতে বাধ্য হন এই কিশোরী।

এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় এলাকাবাসী ভিকারাবাদের রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে ভিকারাবাদ পুলিশ। ভিকারাবাদ সার্কেলের ইন্সপেক্টর রঘু জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভিকারাবাদ এরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল কিংবা ডিজিটাল প্রমাণের খোঁজে নন্দিনীর মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমগুলোও নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং ডিজিটাল পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *