সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় ৩৯ বিজিবির হলদীগ্রাম ক্যাম্পের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
সীমান্তের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে ওই ক্যাম্পে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা।
মহড়ায় ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম ক্যাম্পের কমান্ডার সুবেদার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত অঞ্চলে দ্রুত টহল পরিচালনা ও নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং অপরাধ দমনে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply