ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।
পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১০ নভেম্বর তার দুটি মোবাইল ফোন (ব্যক্তিগত ও সরকারি) জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়।
তদন্ত সূত্র জানায়, এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীরকে তার দপ্তরে ডেকে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের সত্যতা পাওয়ায় তার ফোনগুলো জব্দ করা হয়।
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে ডাকা হয়েছিল এবং এ ঘটনায় সাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করছে।
২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।

Leave a Reply